বোরহানউদ্দিনে ছাত্রশিবিরের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত
বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বোরহানউদ্দিন পূর্ব থানা শাখার উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মানবিক ও সামাজিক দায়িত্ববোধ থেকে আয়োজিত এ কর্মসূচি বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সম্পন্ন হয়।
কাচিয়া টবগি মাধ্যমিক বিদ্যালয়, কুলসুম রহমান মাধ্যমিক বিদ্যালয় এবং মির্জাকালু ফাজিল মাদ্রাসায় একযোগে এই ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোরহানউদ্দিন পূর্ব থানা শাখার সভাপতি রোমান হোসাইন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ কামাল উদ্দিন রায়হান। প্রধান মেহমান ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভোলা জেলা শাখার সভাপতি জসিম উদ্দিন হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল্লাহ আল জায়েদ এবং অফিস সম্পাদক আব্দুর রহিম। এছাড়াও অংশ নেন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও মাদ্রাসার প্রিন্সিপালগণ।
বক্তারা বলেন, “ছাত্রশিবির শুরু থেকেই ছাত্রদের মেধা, মান ও নৈতিকতার উন্নয়নে কাজ করছে। নৈতিক শিক্ষায় গড়ে ওঠা এই প্রজন্মই আগামী দিনের নেতৃত্ব দেবে।” তারা আরও বলেন, ছাত্রশিবিরের ধারাবাহিক সামাজিক কার্যক্রমের কারণেই সংগঠনটি সারা দেশে ইতিবাচক সাড়া ফেলেছে।
