হাকিমুদ্দিন ফাজিল মাদ্রাসায় ছাত্রশিবিরের কুরআন বিতরণ

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ

নোয়াখালীতে দারসুল কুরআন অনুষ্ঠানে হামলা এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কুরআন অবমাননার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এ প্রেক্ষিতে সংগঠনটি সারা দেশে সপ্তাহব্যাপী ‘কুরআন প্রশিক্ষণ কর্মসূচি’ গ্রহণ করেছে।

এই কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৯ অক্টোবর) সকালে ভোলার বোরহানউদ্দিনে হাকিমুদ্দিন ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে অনুবাদসহ পবিত্র কুরআন শরীফ বিতরণ করেছে ইসলামী ছাত্রশিবির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বোরহানউদ্দিন পূর্ব থানা শাখার সভাপতি রোমান হোসাইন।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভোলা জেলা সভাপতি মো. জসিম উদ্দিন হাওলাদার।

এছাড়া উপস্থিত ছিলেন হাকিমুদ্দিন ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও টবগি ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামী আমীর মাওলানা আব্দুল হালিম, এবং ভোলা জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক আব্দুর রহিম।

বক্তারা বলেন, “কুরআন মানবতার মুক্তির দিকনির্দেশনা দেয়। শিক্ষার্থীদের জীবনে আদর্শ ও নৈতিকতার আলো ছড়িয়ে দিতে কুরআনের শিক্ষা অপরিহার্য।” তারা আরও বলেন, “এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা অনুবাদসহ কুরআন পড়ে আল্লাহর বাণী সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করবে, যা তাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করবে।”

অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষার্থীরা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ইসলামী ছাত্রশিবিরের এই ব্যতিক্রমী আয়োজন তাদের মধ্যে কুরআন অধ্যয়নের আগ্রহ আরও বৃদ্ধি করবে।

আপনার মন্তব্য জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.